- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

অভিনেতা তাহসান-রোজার রোমান্টিক মুহূর্ত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ‘ভাইরাল’ হওয়াটাই স্বাভাবিক। সে খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। যদিও সকালে তাহসান গণমাধ্যমে ‘বিয়ে’ শব্দটি এড়িয়ে গিয়েছিলেন। বলেছিলেন বিকেলে বিস্তারিত জানাবেন।

বিকেল গড়িয়ে সন্ধ্যা। অধীর অপেক্ষায় ভক্তরা। অবশেষে সন্ধ্যায় তাহসানের ফেসবুক পেজে ফুটে উঠল রোজা আহমেদের সঙ্গে রোমান্টিক ছবি।

তাহসান ক্যাপশনে ‘হোম ফর লাইফ’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন-

“কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?”

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে সম্পন্ন হয়।

নববধূ স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সুন্দরভাবে পথ চলতে দোয়া চেয়েছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। শনিবার রাতে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ (শনিবার) বিয়ে হয়েছে। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’

জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। উদ্যোক্তা হিসেবেও তার পরিচিতি রয়েছে।

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন