কানাইঘাটে ছাত্রদল নেতা মুমিন খুন

সিলেটের কানাইঘাটে ছাত্রদল নেতা মো: মুমিন সরকার (২৮) নামে এক যুবক খুন হয়েছে। নিহত কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে রাজু নামের বন্ধু ধারালো অস্ত্র দিয়ে এলোতাপাতাড়ির আঘাত করে। এসময় মুমিনের হাত-পায়ের রগ কেটে গেলে অধিক রক্তক্ষরণে তিনি মারা যান।

অভিযুক্ত রাজুও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। সে পৌর সদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুমিন ও রাজুর মধ্যে বন্ধুত্ব ছিলো। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে। পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলো রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন