কানাডায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা

আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে কানাডা।

শুক্রবার (২৫ জানুয়ারি) কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতি একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার ওপর চাপ সামাল দিতে দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমানো হবে।

কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে চলতি বছর চার লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে পড়াশোনার অনুমতি দেবে।যা গত বছরের তুলনায় ১০ শতাংশ কম।

সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত জনসংখ্যা বাড়তে থাকায় কানাডায় আবাসন সংকট তৈরি হয়। এ চাপ সামাল দিতে গত বছর বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার।

কানাডা সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে অনুমতি পাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল সাড়ে ছয় লাখ।

এতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়, যা গত ১০ বছর আগের সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। ফলে দেশটিতে আবাসন খরচ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য পরিষেবায় চাপ বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন