কোম্পানীগঞ্জে চমক দেখালেন মো. মজির উদ্দিন

কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীমকে বিশাল ব্যবধানে হারিয়ে নতুন চমক সৃষ্টি করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন।

তিনি আনারস প্রতীকে ২৮ হাজার ২শ ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ শামীম (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২শ ১৩ ভোট। মোট বৈধ ভোট ৬০ হাজার ৭শ ৪৯, বাতিলকৃত ভোট ১ হাজার ৮৬ ভোট, প্রদত্ত ভোটের সংখ্যা ৬১ হাজার ৮শ ৩৫ ভোট। শতকরা ৫১.৫৫%।

মঙ্গলবার (২১ মে) রাত ১১ টায় ভোট গণনা শেষে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

মো. মজির উদ্দিন মাত্র ৪ মাস আগে মাঠে নেমে কোম্পানীগঞ্জের সাধারণ ভোটারদের মন জয় করে চমক দেখিয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লাল মিয়া (চশমা) প্রতীকে হাজার ২৯ হাজার ১শ ২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইকবাল হোসেন (মাইক) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৫ ভোট।

তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম (কলস) প্রতীকে ২৭ হাজার ৮শ ৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন জাহান (হাঁস) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪শ ৩২ ভোট।

দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোট কেন্দ্রে মানুষ কম থাকলেও দুপুরের পর মানুষকে কেন্দ্রমুখী হতে দেখা যায়। প্রশাসনের ভূমিকা ছিলো নিরপেক্ষ এবং চোখে পড়ার মতো।

নব নির্বাচিত চেয়ারম্যান মো. মজির উদ্দিন বলেন, আমার এ বিজয় কোম্পানীগঞ্জ উপজেলাবাসীকে উৎসর্গ করলাম। সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে আমাকে বিজয়ী করে সকলের কাছে চীর কৃতজ্ঞ ও ঋণী বানিয়ে ফেলেছেন৷ আমি যেনো আমার সম্মানিত সকল ভোটারের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। শিক্ষা ও শান্তিতে সমৃদ্ধ উপজেলা গঠনে যে অঙ্গীকার আমি করেছি তা যেনো আমার উপজেলাবাসীকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে পারি সেই দোয়া ও সহযোগিতা চাই সকলের কাছে৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন