চিনি লুটের ঘটনায় বিয়ানীবাজার ছাত্রলীগের দুই ইউনিট বিলুপ্ত ঘোষণা

চিনি লুটের ঘটনায় ছাত্রলীগের দুটি ইউনিটকে বিলুপ্ত করেছে কেন্দ্র। ইউনিট ‍দুটি হলো- বিয়ানীবাজার উপজেলা ও বিয়ানীবাজার পৌর শাখা।

শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্যাডের বিজ্ঞপ্তিতে এই দুটি ইউনিটকে বিলুপ্ত করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে- বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ, বিয়ানীবাজার উপজেলা শাখা, সিলেট এবং বাংলাদেশ ছাত্রলীগ, বিয়ানীবাজার পৌর শাখা, বিয়ানীবাজার, সিলেট এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

গত ৮ জুন সীমান্ত উপজেলা বিয়ানীবাজারে সরকারি নিলাম ডাক থেকে কেনা ব্যবসায়ীর ২৪ লাখ টাকার চিনি লুটের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ উঠে। এ ঘটনায় গ্রেফতার হন পাঁচ ছাত্রলীগ কর্মী।

গতকাল বৃহস্পতিবার রাতে চিনি লুটের মামলার আসামি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সফিউল্লাহ সাগরের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদের মোবাইল ফোনে কথোপকথন সামাজিক মাধ্যমগুলেঅতে ভাইরাল হয়।

৬ মিনিট ২ সেকেন্ডের ফোনালাপতে লুট করা চিনি কীভাবে ভাগভাগি করা হয়েছে, কারা নিয়েছেন, উদ্ধার করা যাবে কীভাবে, তা বলা হয়েছে।

এরআগে চলতি বছরের ১১ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন