চোরের হাতে প্রাণ গেলো স্কুলছাত্রের

হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় ঘরে চুরি করতে আসা ব্যক্তির ছুরিকাঘাতে জনি দাস (১৪) নামের এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে।

জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম নরধন দাস। তারা শহরের দেয়ানত রাম সাহার বাড়ির ডাকঘর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে জনির বাবা নরধন দাসের বাড়িতে চুরি করতে ঢোকেন এক ব্যক্তি। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে জনি ঘর থেকে বের হয়। বেরিয়েই সে চোরকে দেখতে পায় এবং চিৎকার শুরু করে। এ সময় চোর তার হাতে থাকা ছুরি দিয়ে জনির শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। তখন জনির বড়ভাই জীবন দাস জয় বের হলে চোর তাকেও আঘাত করে চোর পালিয়ে যায়। পরে জনিকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছে।

হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, তদন্ত সাপেক্ষে চোরকে শনাক্ত করে গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন