‘গণজাগরণের গল্প: তরুণদের ক্যামেরায় জুলাই বিপ্লব’-এই শিরোনামে সিলেটে আয়োজন হতে যাচ্ছে তিনদিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনী। আগামী ৩, ৪ ও ৫ আগস্ট সিলেটের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।
এতে আয়োজক হিসেবে রয়েছে সিলেট জেলা পরিষদ এবং সহযোগিতায় রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা)।
জুলাই মাসের শুরুতে সিলেট জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বিষয়ক একটি আইডিয়া প্রতিযোগিতা। এতে বিভিন্ন দলের প্রস্তাবনার মধ্য থেকে ‘সুপা’র জমা দেওয়া প্রস্তাবনাটি ‘সুপার আইডিয়া’ হিসেবে নির্বাচিত হয়। সেই প্রস্তাবনার ভিত্তিতেই নেওয়া হয়েছে এই আয়োজনের উদ্যোগ।
প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে থাকবে জেলা পরিষদ, সিলেট। লজিস্টিক সহযোগিতার দায়িত্ব পালন করছে ‘সুপা’। প্রদর্শনীর কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন সুপার সভাপতি রুবাইয়া নাসরিন। কো-কনভেনরের দায়িত্বে আছেন সাধারণ সম্পাদক মো. সাবের হোসেন এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন চিফ ইন্সট্রাক্টর তন্ময় রায়।
এই প্রদর্শনীতে অংশ নিতে পারবে সিলেট জেলার সব শিক্ষার্থী ও সাধারণ নাগরিক। অংশগ্রহণকারীরা বাস্তব, প্রতীকী বা ধারণাধর্মী—যেকোনো ধরনের আলোকচিত্র জমা দিতে পারবেন যা জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ কিংবা প্রতিবাদের মুহূর্তকে তুলে ধরে। একজন সর্বোচ্চ পাঁচটি ছবি জমা দিতে পারবেন। কোনো রেজিস্ট্রেশন ফি নেই। ছবি জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জুলাই ২০২৫।
জমাকৃত ছবির মধ্য থেকে নির্বাচিত ১০০টি ছবি প্রদর্শনীতে স্থান পাবে। নির্বাচিত সেরা তিনজন আলোকচিত্রশিল্পীকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৩,০০০ টাকা।
আয়োজকেরা জানিয়েছেন, এই প্রদর্শনী হবে ইতিহাস, প্রতিবাদ ও তারুণ্যের শক্তিকে ক্যামেরার মাধ্যমে নতুন করে দেখার এক সাহসী প্রচেষ্টা। তরুণদের চোখে ধরা পড়া আন্দোলনের মুহূর্তগুলোই হয়ে উঠবে একেকটি জীবন্ত দলিল।
