- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জুলাই শহিদদের স্মরণে শাবিপ্রবি ছাত্রদলের মিলাদ মাহফিল

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।

শনিবার (১৯ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে এই কর্মসূচি পালন করেন।

শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়।

এসময় শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, আজকের এই মিলাদ মাহফিলে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই-আগস্ট মাসে শহিদ হওয়া সকল বীর শহিদদের, যাঁরা গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়, আমাদের পথ দেখায়। ছাত্রদল সবসময় শহিদদের আদর্শ অনুসরণ করে ন্যায়ের পক্ষে কথা বলে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম সরকার বলেন, “যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন, তারা চিরকাল ইতিহাসের অমর সন্তান। তাঁদের আত্মত্যাগ আমাদের জন্য আন্দোলনের অনুপ্রেরণা।
এদিকে এরআগে, জোহর নামাজের পর শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের তত্ত্বাবধানে কেন্দ্রীয় জামে মসজিদে একই কর্মসূচি পালন করেন শাবিপ্রবি ছাত্রদলের আরেক অংশের নেতাকর্মীরা।

শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ বলেন, “জুলাই ও আগস্ট মাস আমাদের জাতীয় ইতিহাসে বেদনা ও গৌরবের প্রতীক। শহিদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার বাতিঘর, আর আহতদের সহ্যশক্তি আমাদের সংগ্রামের প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, “ছাত্রদল কোনো ব্যক্তির সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলনের নাম। শহিদদের রক্ত যেন আমাদের দুর্বলতা না হয়ে বরং শক্তি ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে।”

এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন