- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জৈন্তাপুরে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে সরকারি পর্যায়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই ক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক আব্দুস সাত্তার, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিব আলী ও ছুনু মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই সরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং কৃষকেরা লাভবান হবেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সরকারি ঘোষিত দামে ধান সংগ্রহ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন