- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেধা তালিকায় ৮ম স্থান অর্জন মৌলভীবাজারের তাওহীদুলের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৮ম স্থান অর্জন করে অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন কুলাউড়া উপজেলার কৃতি সন্তান তাওহীদুল ইসলাম শরীফ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূকশিমইল ইউনিয়ন শাখার সভাপতি।

তাওহীদুল ইসলাম শরীফ কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল নোয়াকোনা গ্রামের নানু মিয়ার ছেলে। তিনি তার শিক্ষা জীবনের বিভিন্ন স্তরে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হন।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিষয়ে সুযোগ পেয়ে তিনি তার শিক্ষাজীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। তার এই অর্জনে ভূকশিমইল এলাকাসহ ছাত্রশিবির সংগঠনের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম ফরিদ উদ্দিন এক বিবৃতিতে তাওহীদুল ইসলাম শরীফের এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য, তাওহীদুল ইসলাম শরীফ ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন একজন দায়িত্বশীল নেতা হিসেবে সুপরিচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন