- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

তরুণীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: এসআই সুজন শ্যাম সাসপেন্ড

হবিগঞ্জ সদর থানার এসআই সুজন শ্যামের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ প্রশাসন তাকে গত ১৫ সেপ্টেম্বর সাময়িকভাবে সাসপেন্ড করেছে। বিষয়টি নিয়ে জেলার আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী তরুণী জানিয়েছেন- দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। সত্যতা মেলায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের অনেকেই মনে করছেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পুরো বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। তবে অনেকে তদন্তের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে জানতে এসআই সুজন শ্যামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন। এবিষয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন ধর্ষন নয় আপত্তিকর ছবির ঘটনায় সাসপেন্ড করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন