দিনদুপুরে সোনাই নদীর পাড়ে সরকারি গাছ কাটা, ঝুঁকিতে রাস্তা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে সোনাই নদীর পাড় ঘেঁষা এলজিইডি রাস্তার সরকারি গাছগুলো দিনে-দুপুরে কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, নদীর পাড় সংলগ্ন রাস্তার পাশের অন্তত দুটি গাছ কেটে ফেলা হচ্ছে। এতে নদীর পাড় দুর্বল হয়ে পড়ায় রাস্তাটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গাছ কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ফজল মিয়া নামের এক ব্যক্তি। তিনি বলেন, “গাছগুলো আমি নিজেই লাগিয়েছি, তাই কাটছি।” তবে এলাকাবাসীর দাবি, গাছগুলো সরকারি জমিতেই ছিল এবং ব্যক্তিগত মালিকানার দাবি অমূলক।

স্থানীয় ওয়াইল্ডলাইফ অ্যাক্টিভিস্ট বিশ্বজিৎ পাল বলেন, “সোনাই নদীর পাড় ছাড়াও মাধবপুরের বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি গাছ কেটে ফেলা হচ্ছে। এসব ঘটনায় প্রশাসনের তদারকি ও তদন্ত জরুরি।”

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, সরকারি গাছগুলো নদীর পাড় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে গাছ কাটা চলতে থাকলে অল্প বৃষ্টিতেই রাস্তা ধসে পড়তে পারে, যা জনসাধারণের চলাচলে বড় বিপদ ডেকে আনবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন