- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দেশে ধর্মের ভিত্তিতে কাউকে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না: জামায়াতের আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ ‘সংখ্যাগুরু ও সংখ্যালঘু’ শব্দ দুটি উৎপাদন করেছিল। তারা হিন্দুদের সংখ্যালঘু উপাধি দিয়ে তাদের সম্পদ লুটপাট করেছে। দেশে ধর্মের ভিত্তিতে কাউকে বিভাজন তৈরি করতে দেওয়া হবে না। আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক সাথে বসবাস করি। সব ধর্মের মানুষের শান্তিতে বসবাসের অধিকার আছে।

সোমবার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলা জামায়াতের আয়োজনে পাগলাপীর বন্দরের একটি পথ সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, আবুল বারাকাত নামের একজন বুদ্ধিজীবী পত্রিকায় লিখেছিল, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামের দখলে এ দেশের অন্যান্য ধর্মের মানুষের ৩৪ হাজার একর অবৈধ জমি রয়েছে।’ সরকার সারাদেশে খোঁজ-খবর নিয়ে এটার কোনো সত্যতা পায়নি। আমরা চাঁদাবাজি করি না, করতে দেব না। আমরা দখলদারিত্ব করি না, করতে দেব না। আমরা ঘুস খাই না, খাইতে দেব না।

তিনি আরও বলেন, রংপুরে মানুষ তো খুব ভালো মানুষ। তাদেরকে কাজ করতে হবে। ইসলামি আন্দোলনটাকে গতিশীল করতে হবে। এই রংপুরের সন্তান আবু সাঈদ নিজে শাহাদাত বরণ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আগুন জ্বালিয়েছিল। সে বলেছিল, ‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর ‘

ডা. শফিকুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আঘাত হানতে শুরু করে। কারণ, তারা জানতো জামায়াত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারও কাছে বিলিয়ে দিতে রাজি নয়। দেশ বিক্রি করতে রাজি হয়নি এবং কোনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিডিআর হত্যাকাণ্ডের মতো জঘন্যতম ঘটনা ঘটিয়েছিল।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ তিলে তিলে গড়ে ওঠা জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। বর্তমানে রাজপথের স্লোগান হলো ‘উই ওয়ান্ট জাস্টিস’। জামায়াতের স্লোগানও ‘উই ওয়ান্ট জাস্টিস।’ রংপুরের সন্তান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছে। আমরা তার মুক্তির দাবি জানাই। সকলকে অনুরোধ জানিয়ে জামায়াত নেতা বলেন, বাংলাদেশের ব্যাংকগুলো বিক্রি করে হজম করে ফেলেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তারা দেশটাকে অস্থির করার চেষ্টা করছে। ভিন্ন নামে ভিন্নভাবে তাদের এই কর্মকাণ্ড চলছে। সবাই সজাগ থাকবেন। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র রুখে দিতে হবে।

সদর উপজেলা জামায়াতের সভাপতি মোজহারুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলালসহ আরো অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন