নর্থ ইস্ট ইউনিভার্সিটির নতুন ভিসি শাবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ ইকবাল

সিলেটের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-২ শাখার সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ সই করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।” তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর এই পদে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ। সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সবার সহযোগিতা কামনা করছি, যেন আমি এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।”

এর আগে অধ্যাপক ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, ভর্তি কমিটির সদস্য সচিব, বিভাগীয় প্রধান ও বিভাগের ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি শাবিপ্রবি রিসার্চ ইথিক্স বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন