
আগে নিজেকে বদলাও তাহলে সমাজ-দেশ তথা পৃথিবী বদলে যাবে। ইতিবাচক এমন সদুপদেশ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেছেন, তোমাদের ভালো মানুষ হতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে প্রত্যাশা পূরণে এগিয়ে চলার।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ঝিলমিল অডিটোরিয়ামে তারুণ্য উৎসব, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১ম জাতীয় বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান মেলায় এসব কথা বলেন ভিসি।
বুধবার সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, সুবিপ্রবি এর বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর হারুন অর রশিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বিশেষ অতিথি ছিলেন।
অতিসম্প্রতি সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিসি দাবি করেন- তাঁর সম্পূর্ণ মেধা-শ্রম কাজে লাগিয়ে সুনামগঞ্জবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়’কে সর্বোচ্চ উচ্চতায় নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন হয় তা করবেন। এখানে ব্যক্তিগত কোন এজেন্ডা নেই জানিয়ে বলেন আমার এজেন্ডা একটাই, সাস্টের আদলে গড়ে তুলে সাস্টের চাইতেও অন্যতম একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমার সাধনা থাকবে।