পরিবেশ দূষণের অজুহাত দেখিয়ে মৃতের শবদাহ কাজে বাধার মুখে হিন্দু পরিবার

হবিগঞ্জের মাধবপুরে মৃত নকুল দেব (৪৮) লাশ দাহ কাজে বাধার সম্মুখীন হয়েছে মৃতের পরিবার। রবিবার (২৪ আগস্ট) ভোরবেলা উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর দীজেন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ দিন যাবত সংখালঘু ওই পরিবার শান্তিতেই ধর্মীয় কাজ পালন করে আসছিল। কিন্তু এবার স্থানীয় কিছু লোকজন পরিবেশ দূষণের অজুহাত দেখিয়ে মৃতের শবদাহ কাজে বাধা প্রদান করেছে। তারা মব সৃষ্টি করে ভুক্তভোগীর পরিবারে আতঙ্ক তৈরি করেছে।

মৃত নকুলের ভাই দীজেন মাস্টার জানান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক শ্বশানে দাহকার্য করে আসছি। কোনো সময় বাধা পাইনি। এবার কিছু লোক মব সৃষ্টি করে আমাদের ধর্মীয় আচার কাজে বাধা দিচ্ছে। আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই। আরো জানা যায়, ভবিষ্যতে এখানে শবদাহ করতে পারবে না বলে ওই পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।

মাধবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ কর্মকার বলেন, এ ধরণের কাজ ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। কতিপয় দুষ্ট লোকেরা পরবর্তী শবদাহে যারা নিষেধাজ্ঞা দিয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

পরবর্তীতে খবর শুনে বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রিপন মিয়ার সহযোগিতায় শবদাহ করার সুযোগ পায় ভুক্তভোগীর ওই পরিবার। এবিষয়ে মাধবপুরের (ভারপ্রাপ্ত) ইউএনও মো: মুজিবুল ইসলাম বলেন, বিষয়টি দু:খজনক। এবিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন