প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই-এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাহুবলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাহুবল উপজেলা শাখার আয়োজনে উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালক অংশ নেন। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়াস উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাহুবল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাসুম। পরিচালনা করেন সদস্য সচিব সালেহ আহমদ আবিদ।

এ সময় বক্তব্য রাখেন-হবিগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী, হবিগঞ্জ মাতৃচায়া কেজি অ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা বন্ধু মঙ্গল রায়, অভিভাবক প্রতিনিধি আব্দুর রকিব, শিক্ষক এনামুল হক শিমাল (শাহপরান স্কুল), মনি শংকর দেব (দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), কামরুল ইসলাম (ডুবাঐ ইন্টারন্যাশনাল), আবু ইউসুফ (নিউ ভিশন মডেল হাইস্কুল), আলাউদ্দিন (দি লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন), তোফাজ্জল হক (সানশাইন মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ), এম শামসুদ্দিন (শাহপরান প্রি-ক্যাডেট স্কুল) প্রমুখ।

উপজেলার ২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচিতে একযোগে অংশ নেয়। বক্তারা বলেন, “প্রাথমিক বৃত্তি পরীক্ষা সকল শিশুর অধিকার। শিক্ষা নিয়ে বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করুক।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন