- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

প্রেমিকার সঙ্গে ঝগড়া, প্লেনের ইমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দিতে চাইলেন যুবক

প্রেমিকার সঙ্গে ঝগড়া করে প্লেনের থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। জরুরি নির্গমন দরজা খুলে ফেললেন যুবক। তবে বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার বো-তে লোগান বিমানবন্দরের এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা। যুক্তরাষ্ট্রের ওই বিমানবন্দর থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ‘জেটব্লু’ সংস্থার একটি বিমানের। বিমানটি উড়ে যাওয়ার ঠিক আগে টোরেস নামে ওই যুবকের সঙ্গে তার প্রেমিকার তীব্র বাদানুবাদ শুরু হয়। তার পর হঠাৎই বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, দাঁড়িয়ে থাকা বিমানে উত্তেজনার সৃষ্টি হয়েছে, এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ। তারা অভিযুক্ত যুবককে আটক করে। ওই যুবককে আমেরিকার একটি আদালতে হাজির করানো হলে বিচারক তাকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।

এই ঘটনা প্রসঙ্গে বিমানের এক যাত্রী বলেন, “বিমানে ওঠার পর থেকেই ওই যুবক তার প্রেমিকার সঙ্গে ঝগড়া করছিলেন। হঠাৎই নিজের আসন থেকে উঠে টোরেস বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন। পুরো খুলেও ফেলেন। আমরা তাকে আটকানোর চেষ্টা করি। তার পর ঘটনাস্থলে পুলিশ চলে আসে।’’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন