হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী ভিতর বাজারের রাস্তাঘাটের বেহাল দশা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাপ্তাহিক হাটে আসা কৃষক, বিক্রেতা, ক্রেতা ও সাধারণ পথচারীদের।
ভিতর বাজারে প্রতি শনিবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে। এসব দিনে আশপাশের শতাধিক গ্রামের মানুষ হাঁস-মুরগি, শাক-সবজি, ফলমূলসহ নানান কৃষিপণ্য নিয়ে বাজারে আসেন। কিন্তু বাজারের ভেতরের প্রধান রাস্তাসহ অলিগলিগুলো এখন কাদা ও গর্তে ভরে গেছে। বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই হাঁটাচলা করাই দুষ্কর হয়ে পড়ে। ই বিক্রির সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কাদাযুক্ত গর্তে হাঁস-মুরগি নিয়ে দাঁড়িয়ে আছেন অনেক কৃষক।
বসার মতো জায়গার অভাবে তারা রাস্তার এক কোণায় দাঁড়িয়ে থাকলেও ক্রেতারা তেমন ভিড় করছেন না। ফলে অনেকেই পণ্য নিয়ে বাড়ি ফিরছেন। বাজারে আসা এক কৃষক আক্ষেপ করে বলেন, “প্রতি হাটবারে আমরা হাঁস-মুরগি নিয়ে আসি। কিন্তু যেই জায়গাটিতে দীর্ঘদিন ধরে বসে আসছি, সেখানে কাদামাটি আর বড় বড় গর্ত হয়ে গেছে। ক্রেতারাও আসতে চায় না। ফলে আমাদের পণ্য বিক্রি না করেই চলে যেতে হয়।
এদিকে বাজারের অলিগলি দখল করে ব্যবসা পরিচালনা করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে সাধারণ বিক্রেতারা বসার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছেন না।
বিষয়টি নিয়ে কথা হলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গিয়াস উদ্দিন বলেন, বাজারে জনদুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং রাস্তা সংস্কারের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ভিতর বাজারের রাস্তাঘাট সংস্কার এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
