বিয়ানীবাজারে চিনিকাণ্ড: উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাহমিদ গ্রে-প্তা-র

সিলেটের বিয়ানীবাজারে আলোচিত ট্রাকভর্তি ৪’শ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় জাহিদুল হক তাহমিদ (২৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ জুন) ভোর ৫টা ৩০ মিনিটের সময় পৌরশহরতলীর নিদনপুর এলাকার তার নিজবাড়ি থেকে তাহমিদকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহিদুল হক তাহমিদ নিদনপুর গ্রামের নুরুল হকের ছেলে। সে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক।তবে জাহিদুল হক তাহমিদ গ্রেপ্তার হলেও সে এজাহারভুক্ত আসামী নয় বলে জানায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও কল রেকর্ড ফাঁসে সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। একই ঘটনায় অভিযুক্ত সন্দেহে সদ্য বিলুপ্ত হওয়া বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শফিউল্লাহ সাগর ও বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম

সাকেলকে গ্রেপ্তার করতেও বিয়ানীবাজারসহ সিলেটের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দা বিভাগের দায়িত্বশীলরা।

বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সন্দেহের ভিত্তিতে জাহিদুল হক তাহমিদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমাণ্ডের আবেদন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন