
চলছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা হেড কোয়ার্টার-শিলেরভাঙ্গা হয়ে টুকের বাজার পর্যন্ত এলজিইডি রাস্তার পাকাকরণ কাজ। এরই মধ্যে সদ্য পাকাকরণ অংশে ভারী যানবাহন চলাচল করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাটি।
এবিষয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন উপজেলার শিলেরভাঙা গ্রামবাসী।
অভিযোগ থেকে জানা গেছে, রাস্তাটি পাকাকরণ কাজ চলমান ছিল। কিন্তু পাহাড়ি ঢলের পানিতে রাস্তার লেভেল পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছেন। ঈদের পর আবারো রাস্তার কাজ শুরু করবে। এরই মধ্যে ধলাই নদীর তীর থেকে রাস্তাটি পাকাকরণকৃত অংশ ইসলামপুর থেকে টুকেরবাজার পয়েন্ট দিয়ে বালু ও পাথর পরিবহণ করছে ট্রাক ও ট্রাক্টর। ফলে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ভারী যানবাহন চলাচল বন্ধ না হলে রাস্তাটির পাকা অংশ বিলীন হয়ে যাবে।
উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি বলেন, নির্মাণাধীন রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করার কিছু নিয়ম রয়েছে। কিন্তু বিধি-বিধান না মেনেই ভারী যানবাহন চলাচল করে রাস্তাটিকে ক্ষতিগ্রস্ত করছে। রাস্তাটি পাকাকরণ অংশ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ বলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সাহেবকে বলেছি। তিনি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবেন।