মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ-ত্যু

হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী ‘কালিনী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

নোয়াপাড়া রেলস্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সোহাগ মিয়া বলেন, আমরা মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নিহত নারীর আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে পরীক্ষা করেছে, তবে তারা জানিয়েছে-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে নিহত বৃদ্ধার মরদেহ মানবিক সংগঠন আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন