মাধবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

“পরিচ্ছন্ন হাত, সুরক্ষিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। উপসহকারী প্রকৌশলী তুষার পালের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ ইসমাঈল তালুকদার রাহি, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোহাম্মদ ফরিদুল হক, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাসই পারে জীবাণু ও সংক্রমণজনিত রোগ প্রতিরোধ করতে। শিশুরা যেন ছোটবেলা থেকেই নিয়মিতভাবে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলে—এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন