হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামে মৎসচাষী হাজী সিরাজ আলীর দিঘীপাড় কেটে দিয়ে মাছ চুরি ও লুটপাট, ভাঙচুর এবং সন্ত্রাসীদের গুলাগুলি করার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটায়। এতে রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি ও বিভিন্ন ধরনের মাছ প্রায় ৫০/৬০ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে বলে হাজী সিরাজ আলী দাবি করেছেন।
কিছুদিন আগে সিরাজ আলীর ছেলে ফুয়াদ হাসান সাকিব বিজিবি’র হাতে গ্রেপ্তার হওয়ার পর তাদের মাছ চাষের হ্যাচারী ও দিঘিরপাড় কেটে দেয় এবং মাছ বিভিন্ন ভাবে এলোপাতাড়ি ভাবে নিয়ে যায়। দুর্বৃত্তরা পুকুরের হ্যাচারি ভাঙচুর ও গুলাগুলি শব্দে পাহারাদার আত্মরক্ষার ভয়ে পালিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা হ্যাচারী রক্ষার জন্য চেষ্টা করে। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনায় ভক্তভোগী মাছ চাষী সিরাজ আলীর পুত্রবধূ মোছা. ফারজানা আক্তার (ইসপা) বাদী হয়ে আদালতে ১১জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী মামলা দায়ের করেছেন।
বর্তমানে গন্ধবপুর সীমান্তবর্তী এলাকায় আইনশৃংখলার চরম অবনতি হচ্ছে। সেখানে প্রতিনিয়ত রাতের বেলা গুলাগুলি সহ বিভিন্ন দাঙ্গাহাঙ্গামা লেগেই রয়েছে। এলাকার স্থানীয় জনগণ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জোর দাবী জানিয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্ল্যাহ বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
