মাধবপুরে সাপের কামড়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, শিশু সৌরভ দেবনাথ সন্ধ্যার পর বাড়ি থেকে প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার পথে খেলতে বের হলে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রেরণ করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের পুত্র এবং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নিহত সৌরভের পিতা সুভেন দেবনাথ বলেন, “আমার বাচ্চাকে প্রথমে ব্যথা অনুভব করলে মাধবপুর হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দেখে কোনো চিকিৎসা না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসার মাত্র ৫ মিনিট পরই আমার সৌরভ মৃত্যু বরন করে।”

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেশী সমিরন দেবনাথ বলেন, “আমার ভাতিজা খেলাধুলা করতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। তাকে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাপে কামড় শনাক্ত করতে না পেরে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে রেফার করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যু বরন করে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন