‘যেনতেন মার্কা নির্বাচন’ জাতি চায় না: জামায়াত আমির

‘যেনতেন মার্কা নির্বাচন’ জাতি চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, “জনগণ নির্বাচনের মত নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশিশক্তি আর কালো টাকার খেলায় চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।”

শুক্রবার বিকালে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদের বাদ দিতে হবে। যেসব যুবক ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই, তাদের তালিকাভুক্ত করতে হবে।”

জুলাই আন্দোলন করতে গিয়ে প্রবাসীরাও কারাগারে গেছেন উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসী ভাইয়েরা জেলে গিয়েছেন। তারা একইসঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন।”

“রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল পতাকা দেখিয়েছে, আমরা তাদের স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”

মাঠ প্রশাসনের উদ্দেশে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “যারা মাঠ প্রশাসনে আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, জনগণের টাকায় কেনা বুলেট যাদের হাত থেকে এসে জনগণের বুকে লেগেছে, তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না।”

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়টি কার্যালয় ‘কার্যত সিলগালা’ করে রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে একমাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে কিন্তু আমরা নিবন্ধনটা এখনও ফিরে পাইনি। নিবন্ধনের জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়।”

“অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে কেড়ে নেওয়া দলের নিবন্ধনটা ফ্যাসিবাদের পতনের সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া উচিত ছিল,” বলেন তিনি।

সরকারের কাছে অবিলম্বে প্রতীকসহ দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান শফিুকর রহমান।

জনসভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির মোছলেহ উদ্দিন।

জেলার সেক্রেটারি জেনারেল আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, মজলিসে সূরা সদস্য মশিউল আলম, মমিনুল হক, দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বার, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস, নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মকবুল হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন