
বিখ্যাত সুফি সাধক হযরত শাহ মুহাম্মদ জালাল উদ্দীন কুনিয়াত মুজাররদ ইয়েমেনীর (রহ.) জীবন, দর্শন ও কর্ম নিয়ে গবেষণা ও জ্ঞানচর্চার সুযোগ তৈরি করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে হযরত শাহজালাল (রহ.) কর্ণার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৪র্থ তলায় এ কর্ণার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
উপাচার্য বলেন, “শাবিপ্রবি প্রতিষ্ঠার তিন দশক পেরিয়ে গেলেও হযরত শাহজালাল (রহ.)-এর নামে কোনো কর্ণার স্থাপন করা হয়নি। আজ এই কর্ণার উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা যেন এই মহৎ সুফি সাধক সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারে, সে উদ্দেশ্যে কর্ণারটিতে তাঁর জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন বই, পুস্তক ও প্রতীকী তরবারি সংযুক্ত করা হয়েছে।”
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।