শায়েস্তাগঞ্জে গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মোঃ লিচু মিয়া এবং একই গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে মোঃ তাজুল ইসলাম।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজির ভেতর থেকে ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা লিচু মিয়া ও তাজুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন