
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক বলেছেন, যুগোপযোগী কারিকুলাম ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে আমরা সর্বদা বদ্ধপরিকর। পাশাপাশি মানসম্মত শিক্ষা দানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সফলতার ধারাবাহিকতা ধরে রাখাও আমাদের লক্ষ্য।
রবিবার (১০ ডিসেম্বর) বিকাল চারটায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপাচার্য অধ্যাপক ড. জহিরুল বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমার সফলতা ও কৃতিত্ব মানে শাবিপ্রবির কৃতিত্ব।
কারণ আমার শিক্ষার ভিত গড়ার পাশাপাশি কর্ম ও অভিজ্ঞতা শাবি থেকেই অর্জিত। আমি বর্তমান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে কৃতজ্ঞ, তিনি বোর্ড অব এডভান্সড স্টাডিজ, রিসার্চ ইথিকস বোর্ড, স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর নির্বাহী কমিটি, সমাবর্তনের বিভিন্ন উপকমিটি, পরপর দুইবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি, বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা কমিটি, কনফারেন্স সাংগঠনিক কমিটিসহ বিভিন্ন শিক্ষা ও সহশিক্ষামূলক কর্মকান্ডে আমাকে সদস্য রাখায়, আমাকে কাজের সুযোগ দিয়ে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করায় তদুপরি আমার উপর আস্থা রাখায়।
মতবিনিময়কাল তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে ষান্মাসিক বা বছরান্তে একাডেমি ফি না নিয়ে প্রতি মাসে নিচ্ছে। তাছাড়া কিছু গরীব শিক্ষার্থীর একাডেমিক খরচ আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। পরিশেষে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য। এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক হাসান নাঈম, যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমেদ শুভ, কার্যকরী সদস্য আদনান হৃদয়, সাগর হাসান শুভ্র, নুর আলমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।