শীতে দরিদ্রদের পাশে শাবিপ্রবির কিন

৩০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র ও দরিদ্র মানুষের মাঝে ৬৪টি কম্বল বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।

শুক্রবার (২২ ডিসেম্বর) সিলেটের হিলুয়াছড়া চা বাগান সংলগ্ন বসবাসকারী দরিদ্র চা শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে কিনের স্বেচ্ছাসেবীরা। শীতবস্ত্র বিতরণ বিষয়ে কিনের সহকারী সাধারণ সম্পাদক দুর্লভ বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য কিন প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে ‘KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২৩’।

কিন সবসময়ই চেষ্টা করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে‚ তাদের জন্য কিছু করতে। কিনের এ ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য যে‚ ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শাবিপ্রবির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ ২০০৩ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে।

যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচীর মধ্যে দিয়ে কিন পাড়ি দিয়েছে তার সুদীর্ঘ পথ। সংগঠনটি মূলত ৫টি উইং নিয়ে কাজ করে থাকে‚ যার মধ্যে রয়েছে— সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত শিক্ষাদান (কিন স্কুল)‚ শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ‚ ব্লাড ডোনেশন‚ সামাজিক সচেতনতামূলক কর্মসূচী এবং চ্যারিটি প্রোগ্রাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন