সাত শ্রাবণের ঢল

-মোঃ মিজাহারুল ইসলাম

দিনের গায়ে রাতের শাড়ি
জড়িয়ে নিয়ে মেঘ
দশ দিগন্ত যাচ্ছে ডেকে
শরীর ভরা বেগ।

দূরন্ত ঐ মেঘের চাকে
কে জানি কে ঢিল দিল
হঠাৎ তখন ঝড়ের সাথে
বজ্র এসে মিল দিল।

ঘন মেঘের দীঘল চোখে
দীঘির কালো জলছিল
একনাগারে দুচোখ ভেঙে
কান্না তাদের চলছিল।

স্থলের ধারে জলের বুকে
নীল কমলের গাছ ছিল
হাওয়ার তালে- তালে তালে
ফোঁটায় ফোঁটায় নাচ্ছিল।

তাকিয়ে তাকিয়ে তাক লাগানো
উদাস করা ক্ষণ ছিল
আমার তখন জলে ভেসে
হারিয়ে যাবার মন ছিল।

মনের কথা অঝোর ধারায়
মিষ্টি ভীষণ বলছিল
বুকের ভেতর তুমুল স্রোতে
সাত শ্রাবণের ঢলছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন