সিলেটকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে, নদী ভাঙন রোধ করতে পদক্ষেপ নেওয়া হবে। শিল্পাঞ্চল গড়ে তোলা হবে সিলেটে। পাশাপাশি সিলেট-ঢাকা রেল যোগাযোগ উন্নত করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে। নারীদের স্বার্থে সব নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

ড. মোমেন সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

সিলেট মহানগরের জিতু মিয়ার পয়েন্টে এহিয়া ওয়াকফের হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলা ও মহানগর কমিটির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা।

সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, সমাজকর্মী ড. নাজরা চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, ফ্লিম ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা, ক্ষুদ্র-মাঝারি নারী উদ্যোক্তা বিষয়ক পরামর্শক মমতাজ ফারুকী চৌধুরী প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন