পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিগত কয়েক বছর ধরে সিলেট প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। ২০২০ সালের বন্যায় সিলেটে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবারও বন্যা হয়ে ক্ষতির মুখে সিলেট। সম্প্রতি বজ্রপাতে ঘন ঘন প্রাণহানির ঘটনা ঘটছে এ অঞ্চলে। এছাড়া ঘন ঘন হচ্ছে ভূমিকম্পও। এসব প্রাকৃতিক দুর্যোগ রোধ ও ক্ষয়ক্ষতি নিরসনে সিলেটের জন্য ‘ক্লাইমেট প্রকেটশন ফান্ড’ গঠন করতে চাই। যাতে করে সহজেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।’
আজ মঙ্গলবার (১১ জুন) সিলেট নগরের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলধসে নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ড. মোমেন আরও বলেন, ‘সিলেটে অবৈধভাবে অনেক টিলা কাটা হয়; এগুলো বন্ধ করতে হবে। প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিসহ কমিটি করে টিলা কাটা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা এসব কাজে জড়িত থাকেন। তাই তাদের মাধ্যমেই টিলাকাটা রোধ করা প্রয়োজন।’
এর আগে, বেলা সাড়ে ১১টায় ড. এ.কে আব্দুল মোমেন নিহতদের বাড়িতে যান। এসময় তিনি নিহত ৩ জনের মা-ভাই ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ব্যক্তিগত পক্ষ আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় ড. মোমেনের সঙ্গে ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।