সিলেটে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাইপর্ব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মূল আলোচক হিসেবে অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য্য বলেন, জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ৩৬ বছর ধরে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, ৬ জুন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বিভাগীয় বাছাইপর্বে ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এর মাধ্যমে ৪০ শিক্ষার্থীকে বাছাই করা হবে। ২০ জন থাকবে সিনিয়র গ্রুপে এবং ২০ জন থাকবে জুনিয়র গ্রুপে। প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে ৩ অগাস্ট ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্বে সিনিয়র গ্রুপের ১৫ জন এবং জুনিয়র গ্রুপের ১৫ জনসহ ৩০ জনকে নিয়ে ২১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত আবাসিক ক্যাম্প ও চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত পাঁচজন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সমন্বয়ক মো. কালাম জুবায়ের নিশাদ বলেন, “এবার বৃহৎ পরিসরে আমাদের প্রথম আয়োজন। তাই আপনাদের সহযোগিতা চাই। সিলেটের ছেলেমেয়েদের প্রচুর সাড়া পেয়েছি। আমরা প্রতি বিভাগ থেকে ২০০ জনকে প্রথম পর্বে অংশগ্রহণের সুযোগ দিচ্ছি; সিলেটের ছেলেমেয়েদের ব্যাপক সাড়ার কারণে আগামীতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হবে।”
তিনি জানান, ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে ২০০৬-২০১০ সালের মধ্যে জন্মগ্রহণকারী (১৪-১৮ বছর বয়সী) স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে।
সিলেট বিভাগ থেকে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৪ জুলাইয়ের মধ্যে https://www.astronomybangla.com/registration লিংকে কোনো ফি ছাড়া নিবন্ধন করতে পারবে।
মো. কালাম জুবায়ের নিশাদের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য ফুজায়েল আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্টোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক প্রিতম পাল।