
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) অস্থায়ী ক্যাম্পাস জেলা শহরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন কমিটি। বুধবার বেলা ২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হন কমিটি সংশ্লিষ্টগন।
বক্তাগন বলেন-জেলার মানুষের মতামত উপেক্ষা করে সাবেক পরিকল্পনামন্ত্রী দেখার হাওরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান নির্ধারণ করেন। সেই লক্ষ্যে প্রশাসনও ভূমির অধিগ্রহণের কাজ শুরু করে। হাওরের বোরো জমি নষ্ট করে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে পরিবেশ প্রতিবেশ মারাত্মক হুমকীর মুখে পড়বে। তাই পরিবেশ বাঁচাতে দেখার হাওরের স্থান পরিবর্তন করে জেলা শহরের কাছাকাছি ক্যাম্পাস নির্মাণের দাবি জানানো হয়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন পরিচালিত মানববন্ধনে বক্তব্য দেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেইস রোকেস, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, অ্যাড. মাসুক আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা কমিটির সদস্য সচিব মেহেদী হাসান সাকিব প্রমুখ।