আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন গবাদি পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার এ.এন এম সাজেদুর রহমান। হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পশু ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পুলিশ সুপার সাজেদুর রহমান হাট পরিদর্শনকালে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তা ও সুষ্ঠু বেচাকেনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, “গবাদি পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতিটি হাটে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং জাল নোট শনাক্তকরণ মেশিনসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া, পশু পরিবহন ও হাটে প্রবেশের সময় কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পুলিশ সুপার আরও জানান, “পশু পরিবহনের সময় কোনো বাহনকে অযথা থামানো বা হয়রানি করা যাবে না।যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার এ.এন এম সাজেদুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো, ঈদের আগে ও পরে গবাদি পশুর হাটগুলোতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, যাতে সবাই নিরাপদে এবং নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।
এ সময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
