হবিগঞ্জে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এসপির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পূজা উদযাপনকালে জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে। উৎসবমুখর পরিবেশে যেন সব ধর্মের মানুষ মিলেমিশে দুর্গোৎসব উদযাপন করতে পারে সে বিষয়ে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদযাপন করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন