৩০ ঘণ্টা পরে সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১২৫৩ পিলারের কাউয়ারটুক নামক স্থানে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ তাদের লাশ গ্রহণ করে। দিনভর পতাকা বৈঠক করে বিএসএফ ও বিজিবি।

রবিবার দুপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয় কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ।

তাদের লাশ প্রায় ৩০ ঘন্টা সেখানে পড়ে ছিল। দু-দেশের সীমান্ত জটিলতা দূর করে সন্ধ্যায় তাদের লাশ হস্তান্তর করে ভারত।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছ থেকে আমরা লাশ গ্রহণ করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন