৩০ নভেম্বরের সম্মেলনের সাথে মূল গণফোরামের সম্পর্ক নেই

আগামী ৩০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গণফোরামের তথাকথিত সম্মেলনের সাথে মূল গণফোরামের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।

দলটির দপ্তর সম্পাদক ড. নীলিমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ২০২৩ সালের কাউন্সিল অধিবেশনে দলীয় রাজনীতি থেকে অবসর নেন। কিন্তু দলের কতিপয় নেতা তাকে বহিস্কারের ঘোষণা দিয়ে দলটির খন্ডিত অংশে অবস্থান গ্রহন করেন। তবে তারা নির্বাচন কমিশনের স্বীকৃতি না পেয়ে উচ্চ আদলতে রিট করেও শুনানি করতে ব্যর্থ হন। পরে নিম্ন আদালতে মামলা করেন।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে গণফোরাম অঙ্গীকারাবদ্ধ জানিয়ে দলটির মূল অংশের উদ্যোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে জানানো হয়, গত ৬ নভেম্বর অনুষ্টিত দলীয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৬ নভেম্বরের সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মোকাব্বির খান, প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান ও উজ্জ্বল ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন অ্যাডভোকেট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ড. মো. শহীদুল ইসলাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ মো. হারেজ উদ্দিন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোহেল মিয়া ও দপ্তর সম্পাদক ড. নীলিমা পারভীন।

বিষয়টি নিশ্চিত করেছেন, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মোকাব্বির খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন