১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

শেরপুরে ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক শিবু প্রকাশ্যেই দল বদলের ঘোষণা দিয়েছেন। শুধু দল বদলেই থেমে থাকেননি, ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলে যোগ দিয়েছেন তিনি।

সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার সজনের ছাদে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ ১০ থেকে ১২ জন উপস্থিত ছিলেন।

ব্রাজিল সমর্থক আলিম বলেন, শিবু ভাই শেরপুরের স্থানীয় বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো ভালো খেলোয়াড় নেই বলে তিনি মনে করেন, তাই দলটির প্রতি তার আস্থা কমে গেছে। এ কারণেই তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শিবু বলেন, আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আমার আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন