- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে সুনামগঞ্জ জেলা পর্যায়ের বাছাই সম্পন্ন

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল নির্দেশনায় তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”।

এরই ধারাবাহিকতায়  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  সকাল ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স স্কুল মাঠে জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং বিভিন্ন দলের খেলোয়াড়বৃন্দ।

জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় ১২টি পুরুষ ও ৩টি নারী দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ১টি পুরুষ ও ১টি নারী দল বিজয়ী হয়ে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”-এর বিভাগীয় পর্যায়ে সুনামগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে সম্মাননা হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন সুনামগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম মহোদয়।

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন