২১ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে (২)। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন।
জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে শিশুটি পড়ে যায়। শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথম অবস্থায় একটি হলেও পরবর্তীতে আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়।এমনভাবে রাতভর অভিযান পরিচালনা করে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল হতে না হতেই উদ্ধার অভিযানস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেগ পেতে হচ্ছে ।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামিয়ে দেখার চেষ্টা করেছে। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল হলেও উদ্ধার করা যায়নি শিশুটিকে। তবে থেমে নেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জানান, তারা আসার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তখন কিছু মাটি গর্তে পড়ে গেছে। তাদের তিনটি ইউনিট বুধবার দুপুর থেকে সেখানে উদ্ধার অভিযান শুরু করে। এখনও চলছে। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য তারা পাইপ দিয়ে অক্সিজেন নিচে নামিয়েছেন। স্কেভেটর দিয়ে খননের কাজ শেষ হয়েছে। তবে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।
সূত্র:যুগান্তর