৩ দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ আলমের সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন মা-বাবা ও স্বজনরা।

নিখোঁজ মারুফ আলম শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। ১৩ বছর বয়সী মারুফ চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দুপুর ২টার দিকে মারুফ তার নতুন বাড়ি থেকে পাশের চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশে রওনা হলেও এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।

পরে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২৩।

পরিবার সূত্রে আরও জানা যায়, নিখোঁজের সময় মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট।

কেউ শিশু মারুফ আলমের সন্ধান পেলে তার বাবা ০১৭৮০৭৯৫০৭১ অথবা ভাই ০১৪০৮-০৭৩৫১৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন