সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে পৃথক চারটি অভিযান চালিয়েছে বিজিবি। এসব অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল বিয়ার, বিপুল পরিমাণ অবৈধ কম্বল ও মেহেদি জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট মূল্য ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বুধবার (১১ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় সাতছড়ি বিওপির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ কেজি গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে। অন্যদিকে, মাধবপুর উপজেলার বান্ডুরিয়া এলাকায় তেলিয়াপাড়া বিওপির টহলদল ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে।
এ ছাড়া মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর ও চণ্ডীছড়া মাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪৪ লাখ ২৮ হাজার টাকা।
এ ব্যাপারে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,”জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
