৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি


জনস্বাস্থ্য রক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত বিষয় হালনাগাদের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রভাবিত দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে।

এই তালিকায় যেসব দেশ রয়েছে সেগুলো হলো- আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিনি, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মায়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট এবং মন্টিনিগ্রো। এসব দেশ থেকে আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।

তাছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নির্দিষ্ট রাজ্য বা শহরগুলিতে আংশিক বিধিনিষেধ প্রযোজ্য।

কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, তাপ-চিকিৎসা করা মুরগির মাংস এবং সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়, যদি তারা অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষা মান মেনে চলে।

এ ধরনের পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি প্রত্যয়নপত্র থাকতে হবে, যেখানে নিশ্চিত করা হবে যে সেগুলো এমনভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে যাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস নির্মূল হয়। পাশাপাশি পণ্যগুলো রপ্তানিকারক দেশের অনুমোদিত প্রতিষ্ঠানে উৎপাদিত হতে হবে। সূত্র: গালফ নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন