৫ মে’র শাপলা চত্তরের শহীদদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া মাহফিল

ঐতিহাসিক ৫ মে ‘শাপলা চত্বর গণহত্যা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বাদ আসর কলেজ মসজিদে শাপলা চত্বরে নিহতদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মৌলভীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি সায়েম আহমেদ সিয়ামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি হাফেজ তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ তাজুল ইসলাম শাপলা চত্বরের ঘটনাকে ‘আওয়ামী সরকারের নারকীয় তাণ্ডব’ হিসেবে অভিহিত করে বলেন, “এই দেশ ইসলামপ্রিয় জনতার দেশ। এ দেশে তাগুত শক্তি সবসময় ইসলাম বিরোধিতা করে আসছে। সেই ঐতিহাসিক ৫ মে প্রিয় নবী (সা.)-কে নিয়ে কটাক্ষের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী স্বৈরাচারী সরকার তাদের ক্ষমতা হারানোর ভয়ে ঘুমন্ত তৌহিদী জনতার ওপর বর্বরোচিত হামলা চালায়।”

তিনি আরও বলেন, “অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সেদিন জলকামান, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে শত শত মানুষকে হতাহত করা হয়েছে। এমনকি অনেকের নখ উপড়ে ফেলার মতো পাশবিক কাজও করা হয়েছিল। আল্লাহ যেন সেই রাতে জীবন দেওয়া ভাইদের শহীদ হিসেবে কবুল করে নেন।”

বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শহর শিবিরের সেক্রেটারি শাহ মোস্তাকিম আলী। দোয়া মাহফিলে কলেজের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন