৭ শত একর জমি অনাবাদি থাকার আশঙ্কা, পানির ব্যবস্থার দাবীতে মানববন্ধন

খরচার হাওরে প্রায় ৭০০ একর জমি পর্যাপ্ত পানি না থাকায় কৃষকেরা সেখানে কৃষিকাজ করতে না পারায় অনাবাদি হয়ে পড়ে আছে। তাই পানির ব্যবস্থা করা,ইজারাদার কতৃক মামলা প্রত্যাহার এবং সীমানা নির্ধারণের জন্য মানববন্ধন করে হাওর পাড়ের কৃষকগন দাবী জানান প্রশাসনের কাছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খরচার হাওরে প্রায় ৭০০ একর জমি পানির অভাবে অনাবাদি হয়ে পড়ে আছে। পর্যাপ্ত পানি না থাকায় কৃষকেরা সেখানে কৃষিকাজ করতে পারছেন না। খাসিয়াখারা খাল থেকে বাঁধ দিয়ে পানি উত্তোলনের উদ্যোগ নিলে খরচার হাওরের ইজারাদার কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। আমরা পানি ছাড়া জমি চাষাবাদ করতে পারছি না। পানি না পেলে জমি চাষাবাদ করা সম্ভব হবে না। আমাদের কৃষকদের নানা ভাবে হয়রানি করছে ইজারাদাররা। মিথ্যা মামলা প্রত্যাহার এবং কৃষকদের জন্য পানি সেচের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকেই যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এর সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষকগন।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আলী আহমদ এর সভাপতিত্বে এবং ছাত্রনেতা ইয়াহিয়া হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় শালিসী ব্যক্তিত্ব আব্দুল হেকিম, নুরুল আমিন, জাহিদ হোসেন,মঈনুল হক, জাহাঙ্গীর আলম,
আবুল কাশেমসহ আরও অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন