- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

৭৫ লক্ষ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের ৬ শিক্ষার্থী

সিলেটের নারী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজের ৬ জন মেধাবী শিক্ষার্থী চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ অধ্যয়নের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) মর্যাদাপূর্ণ বৃত্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইউনিভার্সিটির ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান এক চিঠির মাধ্যমে তাদের বৃত্তি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার সুযোগ পাবেন। বৃত্তির অংশ হিসেবে প্রতি শিক্ষার্থী বছরে ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন, যা তাদের উচ্চশিক্ষার যাবতীয় খরচ বহন করবে।

স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-নাফিসা সাব্বির চৌধুরী আনিকা, আয়শা সিদ্দিকা, সোহানা আক্তার, মুমতাহিনা তানহা, মেরিন জামান রুহি ও সুমাইয়া খান রুবাইয়া। এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমিও একই বৃত্তি লাভ করেছেন।

চলতি বছর সেভরন বাংলাদেশের স্পন্সরশিপে ‘AUW Math & Science Summer School’ প্রোগ্রামে সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত হয়ে উইমেন্স মডেল কলেজের ১০ জন শিক্ষার্থী অংশ নেন। মাসব্যাপী এই প্রোগ্রামে বিভিন্ন পরীক্ষা ও পারফরম্যান্সের ভিত্তিতে শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে মোট ৭ জনকে বৃত্তি দেওয়া হয়, যার মধ্যে ৬ জনই উইমেন্স মডেল কলেজের।

শিক্ষার্থীদের এ সাফল্যে কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ও ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর গভীর সন্তোষ প্রকাশ করে তাদের অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরও এই কলেজের দুই শিক্ষার্থী তছলিমা ও বুশরা একই স্কলারশিপ পেয়ে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন