দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিজের কথা বলাকে দোষারোপ করে চুপ থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে।
বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এ জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।
পূর্ববর্তী সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হবিগঞ্জের সহিংস ঘটনার পর আমরা গতকাল রাতে মামলা দায়ের করেছি। স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে যে কীভাবে আমাদের লোকজনের হাত ভেঙে দেওয়া হয়েছে এবং চোখ উপড়ে নেওয়া হয়েছে।” তবে মামলার এজাহারে কিছুটা সংশোধনী আনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এমন একজনের নাম ঢুকে পড়েছিল যাকে ভিডিও ফুটেজে দেখা যায়নি।
এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। পরে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এরপরও এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রতিবাদ মিছিল করতে হবিগঞ্জ যেতে চাইলে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। পরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দিয়ে চলে আসেন তাঁরা।
