- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ দেবনাথ ওই গ্রামের নাথহাটির নিপো দেবনাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে সৌরভ নদীর পাড়ে গরুর খাবারের জন্য কচুরিপানা কাটতে যান। এ সময় কচুরিপানা কাটার একপর্যায়ে কাঁকড়ার মতো দেখতে একটি বিচ্ছু তাঁকে কামড় দেয়।

সৌরভের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তখন তিনি তাঁদের জানান, কাঁকড়ার মতো দেখতে একটি বিচ্ছু তাঁকে কামড় দিয়েছে। পরে স্বজনরা দ্রুত তাঁকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু কোলে ঢলে পরে সৌরভ।

হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে বিচ্ছুর কামড়েই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা চিকিৎসকের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন